রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে জেলায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৩৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১২ দশমিক ৫৮। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১১ দশমিক ২২। আজ সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাজশাহী মেডিকেলে মারা যাওয়া ১০ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন, করোনা নেগেটিভ হয়ে একজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের মধ্যে নাটোরের চারজন, নওগাঁর তিনজন, রাজশাহীর দুজন ও চুয়াডাঙ্গার একজন।

করোনা ওয়ার্ডে আগস্ট মাসে এখন পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ে মারা যান ৫৩৫ জন। জুনে ৩৪৬ জন মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ জন। হাসপাতালে বর্তমানে ৫১৩ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৯৯। এর মধ্যে করোনা পজিটিভ ১৬৬ জন, করোনা নেগেটিভ ৪৬ জন ও উপসর্গ নিয়ে ৮৭ জন ভর্তি আছেন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শুধু রাজশাহী জেলার রোগী ১৩৬ জন। দ্বিতীয় স্থানে থাকা নাটোরের রোগী ৪৬ জন, পাবনার ৪৪ জন, নওগাঁর ২৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩৪ জন ভর্তি আছেন।