রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭০১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৪১। আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১২ দশমিক ৫৮। আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
১০ জনের মধ্যে করোনায় চারজন, করোনা নেগেটিভ হয়ে একজন ও করোনার উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে এবং নওগাঁর একজন।
আগস্টে এখন পর্যন্ত ১১৫ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ে মারা গেছেন ৫৩৫ জন। জুনে ৩৪৬ জন মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত এক দিনে হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৩ জন। হাসপাতালে বর্তমানে ৫১৩ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৮৯। এর মধ্যে করোনা পজিটিভ ১৫৭ জন, নেগেটিভ ৪৮ জন ও উপসর্গ নিয়ে ৮৪ জন ভর্তি আছেন।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শুধু রাজশাহী জেলার রোগী ১৩০ জন। নাটোরের রোগী ৪৪ জন, পাবনার ৪৪ জন, নওগাঁর ২৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩৪ জন ভর্তি আছেন।