রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৭ জন ও করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৩ জন, নাটোরের ২ জন এবং পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন করে।

এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ১৮ জনের মৃত্যু হয়েছিল। গত ১৩ জুন থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই হাসপাতালে মৃত্যুর সংখ্যা ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। এর মধ্যে গত ২৯ জুন ও ১৪ জুলাই ২৫ জন করে মারা গেছেন। আগস্ট মাসে এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই মাসে মারা গেছেন ৫৩৫ জন। এর আগে জুন মাসে ৩৪৬ জন মারা গেছেন।

এদিকে জেলার সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৭৭৩ জনের নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫০।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত এক দিনে হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ৪২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪ জন। হাসপাতালে বর্তমানে ৫১৩ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৯৯। এর মধ্যে করোনা পজিটিভ ২১১ জন, নেগেটিভ ৭৪ জন ও উপসর্গ নিয়ে ১১৪ জন ভর্তি আছেন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শুধু রাজশাহী জেলার রোগী ১৭৭ জন। দ্বিতীয় স্থানে থাকা পাবনার রোগী ৬৭ জন। নাটোরের ৬১ জন, নওগাঁর ৩৫ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩৮ জন ভর্তি আছেন।