রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোর, নওগাঁ ও পাবনার ১ জন করে রয়েছেন।

মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ১ জন শুধু করোনা পজিটিভ ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের ১ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। বাকি ১০ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ৭৭ জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৬৪ জন। এখনো হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪৮৫ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৯৫টি নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ২৮ জনের। শনাক্তের হার ২৯ দশমিক ৪৭ শতাংশ।