রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহীর সাতজন, নাটোরের তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন। মৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। পজিটিভ পাঁচজনের মধ্যে রাজশাহীর দুজন, নাটোরের দুজন ও পাবনার একজন। অপর আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
আগের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৭ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী আজ শনিবার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৪ জন। হাসপাতাল এখন হাসপাতালে মোট ভর্তি ৪৭৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২১৫ জন, সন্দেহভাজন ১৮০ জন ও নেগেটিভ ৮৩ জন। আগের দিনে হাসপাতালে মোট রোগী ছিল ৪৬ জন। রোগী বাড়ার কারণে হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৪০৫।
আগের দিন দুটি ল্যাবে রাজশাহী জেলার মোট ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০০ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৬ দশমিক ৭৪ শতাংশ। আগের দিনে এই হার ছিল ৪২ দশমিক ৩৯।
চাঁপাইনবাবগঞ্জের ১৮০টি নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ৪৯ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ২২ শতাংশ।