রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর দুজন ও নাটোরের দুজন। মৃত ব্যক্তিদের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন।

আগের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৪ জন। এ নিয়ে চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মোট ২৮৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ১৮–এর মধ্যে ওঠানামা করছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৩৪ জন। এখন হাসপাতালে মোট ভর্তি আছেন ৪৩১ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৮৮ জন, করোনার উপসর্গ ১৯৭ জনের ও করোনা নেগেটিভ ৪৬ জন। এর মধ্যে রাজশাহীর ২৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার ৯ জন, কুষ্টিয়ার ৩ জন, দিনাজপুরের ১ জন, ঢাকার ১ জন ও চুয়াডাঙ্গার ১ জন। এর আগের দিন রোগী ছিল ৪২৩ জন।

দুটি ল্যাবে রাজশাহীর মোট ৪২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৪৮ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৯ দশমিক ৭৫ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জের ৭১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ১৯ দশমিক ৭২ শতাংশ।