রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহী ও পাবনার ছয়জন করে, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোর ও নওগাঁর দুজন করে।
তাঁদের মধ্যে পাঁচজন করোনায় মারা গেছেন। আর দুজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর দুজন, নওগাঁ, নাটোর ও পাবনার একজন করে। করোনা নেগেটিভ দুজন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের। বাকি ১২ জনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ২৫ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছে ২৬৭ জন। গত জুন মাসে মারা গেছে ৩৪৬ জন।
আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৬ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৫ জন। এখনো হাসপাতালে ভর্তি ৫০৭ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২৫১ জন, সন্দেহভাজন ২০৩ জন ও নেগেটিভ ৫৩ জন। আগের দিনে রোগী ছিল মোট ৫০০ জন। মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ২৮৩ জন। দ্বিতীয় অবস্থানে আছে নাটোর। এই জেলার রোগী ৭১ জন। পাবনার ৫৭ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১৬৮ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৮৫ শতাংশ। আগের দিনে এই হার ছিল ৩৪ দশমিক ৬৫ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ৮ জনের। শনাক্তের হার ৮ দশমিক শূন্য ১ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৮ দশমিক ৮০ শতাংশ।