রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহী জেলার ১৪ জন, নওগাঁর ৫, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহে ১ জন করে রয়েছেন।
এর মধ্যে ৫ জনের করোনায় মৃত্যু হয়েছে। ১৬ জন করোনা উপসর্গ নিয়ে ও ১ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। আগের ২৪ ঘণ্টায় একই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৬ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৬ জন। হাসপাতালে এখনো ভর্তি আছেন ৪৬২ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৯৫ জন, সন্দেহভাজন ২১২ জন ও নেগেটিভ ৫৫ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪০৬ জনের নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৯০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ২৯টি নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ১১ জনের। শনাক্তের হার ৩৭ দশমিক ৯৩ শতাংশ। নওগাঁর ১১৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৭৫ জনের। শনাক্তের হার ৬৩ দশমিক ৫৬ শতাংশ।