রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ও করোনার উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছিল। আজ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
হাসপাতাল ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত করোনা ওয়ার্ডে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহীর তিনজন, কুষ্টিয়ার দুজন, নাটোর ও নওগাঁর একজন করে আছেন। তাঁদের মধ্যে দুজন করোনায়, দুজন করোনা নেগেটিভ হয়ে ও তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ১৭ জন। এখন হাসপাতালে মোট ভর্তি আছেন ১৪৫ জন। তাঁদের মধ্যে করোনা পজিটিভ ৭৩ জন, করোনার উপসর্গ নিয়ে ৪৫ জন ও করোনা নেগেটিভ হয়ে ২৭ জন চিকিৎসা নিচ্ছেন।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ২৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৩৯ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ১৮। আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১৩ দশমিক ৪৩ শতাংশ। রাজশাহী মেডিকেল কলেজে নাটোরের ৭৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। শনাক্তের হার ১৫ দশমিক ৭৮। আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১৪ দশমিক ১৫।