রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল রোববার এক দিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে ২৪ থেকে ৩১ মে পর্যন্ত আট দিনে হাসপাতালে মারা গেলেন ৫৪ জন। তাঁদের মধ্যে ২৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। অন্যদের করোনার উপসর্গ ছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস আজ সোমবার বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় চারজন মারা গেছেন। তাঁদের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। অন্যজনের বাড়ি নওগাঁ জেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ মে দুপুর থেকে ৩১ মে দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ২৭ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন এবং সবশেষ ৪ জন মারা গেলেন। এই আট দিনে বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃত্যুর হার বেশি বলে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, আজ দুপুর পর্যন্ত করোনা ও করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯৪ জনের। করোনা সংক্রমণের উপসর্গ রয়েছে বাকি ১১১ জনের। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ১৭ জন।