রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ও করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছিল। আজ বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
হাসপাতাল ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত করোনা ওয়ার্ডে মারা যাওয়া ১০ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪, রাজশাহীর ৩, নাটোরের ২ ও নওগাঁর ১ জন আছেন। তাঁদের মধ্যে চারজন করোনায়, চারজন করোনার উপসর্গ নিয়ে ও দুজন করোনা নেগেটিভ আসার পর মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৯ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ২০ জন। এখন হাসপাতালে মোট ভর্তি আছেন ১৪৫ জন। তাঁদের মধ্যে করোনা পজিটিভ ৭৪ জন, করোনার উপসর্গ নিয়ে ৪৫ জন ও করোনা নেগেটিভ হয়ে ২৬ জন চিকিৎসা নিচ্ছেন।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ২টি ল্যাবে ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৪৫ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৪৩ শতাংশে। দুই ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ৪৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের। শনাক্তের হার ১৭ দশমিক ৭৮ শতাংশ। নাটোরের ২০৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের। শনাক্তের হার ১৪ দশমিক ১৫ শতাংশ।