রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ছয়জন, পাবনার দুজন, কুষ্টিয়া, নাটোর ও নওগাঁর একজন করে। তাঁদের মধ্যে সাতজন করোনায় মারা গেছেন।
করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর চারজন, নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে। এ ছাড়া রাজশাহীর একজন নেগেটিভ হয়ে মারা গেছেন। বাকি চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ২২ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। গত ২৯ জুন ও ১৪ জুলাই ২৫ জন করে মারা গেছেন। মাসে এ পর্যন্ত মারা গেল ৪২৬ জন। গত জুন মাসের মারা গেছেন ৩৪৬ জন।
আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৭ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৩৭ জন। এখনো হাসপাতালে ভর্তি ৪১৯ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৯৪ জন, সন্দেহভাজন ১৭২ জন ও নেগেটিভ ৫৩ জন। আগের দিনে রোগী ছিল মোট ৪১২ জন। আজকের মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ২০৭ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৩ শতাংশ। আগের দিনে এই হার ছিল ৩৩ দশমিক ৩ শতাংশ।
নওগাঁর ৪৪ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ১৩ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের মাত্র দুজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দুজনেরই নেগেটিভ এসেছে।