রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২৭। আজ শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
রাজশাহী মেডিকেলে মারা যাওয়া ১১ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে নয়জন, নেগেটিভ হওয়ার পরে একজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত মৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহী ও নাটোরের চারজন করে এবং নওগাঁর দুজন ও কুষ্টিয়ার একজন আছেন।
এর আগের দিন করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু হয়েছিল। গত ১৩ জুন থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই হাসপাতালে মৃত্যুর সংখ্যা ১০ থেকে ২৫-এর মধ্যে ওঠানামা করছিল। টানা দুই মাস পর গত ১২ আগস্ট নয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৯ জুন ও ১৪ জুলাই সর্বোচ্চ ২৫ জন করে মারা যান। আগস্টে এখন পর্যন্ত ১৮৩ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ে মারা গেছেন ৫৩৫ জন। জুনে ৩৪৬ জন মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত এক দিনে হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন। হাসপাতালে বর্তমানে ৫১৩ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৩০। এর মধ্যে করোনা পজিটিভ ১৭৯ জন, নেগেটিভ ৬১ জন ও উপসর্গ নিয়ে ৯০ জন ভর্তি আছেন।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শুধু রাজশাহী জেলার রোগী ১৪৭ জন। জুলাই মাসজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক দিয়ে নাটোরের অবস্থান ছিল দ্বিতীয়। তবে ২৯ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত পাবনা দ্বিতীয় স্থানে ছিল। এরপর নাটোর দ্বিতীয় স্থানে ফিরে আসে। আজ এ হাসপাতালে নাটোরের রোগী ৫৫ জন, পাবনার ৪৪ জন, নওগাঁর ৩৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩৭ জন ভর্তি আছেন।