রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। রোগী ভর্তিও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন সাতজন। আজ বৃহস্পতিবার হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৯০। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেবিনসহ আজ মোট শয্যা প্রস্তুত আছে ২৭১টি। গতকাল বুধবার থেকে হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডের ৩৬টি বেডে নতুন করে করোনা রোগী রাখার ব্যবস্থা করা হয়েছে। এরপর হাসপাতালে মোট করোনা শয্যার সংখ্যা দাঁড়িয়েছে ২৭১। তারপরও আজ সকালে শয্যার অতিরিক্ত ১৯ রোগী থাকছেন। সারা দিনে আরও রোগী ভর্তি হবে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে যে ১২ রোগী মারা গেছেন, তাঁদের মধ্যে রাজশাহীর ৯ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন সাতজন ও করোনার উপসর্গ ছিল পাঁচজনের। করোনা পজিটিভ সাতজনের মধ্যে রাজশাহীর পাঁচজন ও চাঁপাইনবাবগঞ্জের দুজন।

আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯০। আগের দিনে এ সংখ্যা ছিল ২৭৭। ২৯০ জনের মধ্যে রাজশাহীর ১৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১১, নাটোরের ১৫, পাবনার ৩, কুষ্টিয়ার ৩ ও চুয়াডাঙ্গার ১ জন। এ ছাড়া আইসিইউতে আছেন ১৮ রোগী।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজ ল্যাবের পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৪২ দশমিক ৪৬ শতাংশ। গতকাল এ হার ছিল ৪০ দশমিক ৭৭ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার শনাক্তের হার ছিল ৪৬ দশমিক ৪৯।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, হাসপাতালের অতিরিক্ত রোগীদের জন্য ৩৬টি শয্যা বাড়ানো হয়েছে। প্রতিটি শয্যার জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। এই হাসপাতালে ১৮৩টি অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে। এগুলো থেকে সারাক্ষণ অক্সিজেন আসতে থাকে। সিলিন্ডারের মতো পাল্টানো লাগে না। এটাই এখন ভরসা। বেডের অতিরিক্ত যে রোগী আছেন, সেগুলো অক্সিজেন সিলিন্ডার দিয়ে সামলানো হচ্ছে।