রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর তিনজন; কুষ্টিয়া, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে; নাটোর, নওগাঁ ও সিরাজগঞ্জের একজন করে। তাঁদের মধ্যে চারজন করোনায় মারা গেছেন।
করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে। এ ছাড়া কুষ্টিয়া, পাবনা ও নওগাঁর তিনজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। বাকি পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত মৃত্যুর এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৫ জন। গত ২৯ জুন ও ১৪ জুলাই ২৫ জন করে মারা গেছেন। এ নিয়ে আগস্ট মাসে ১০৭ জনের মৃত্যু হলো। গত জুলাই মাসে মারা গেছেন ৫৩৫ জন। এর আগে গত জুন মাসে মারা গেছেন ৩৪৬ জন।
আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ২৯ জন। এখনো হাসপাতালে ভর্তি মোট ৪০৭ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২০৩ জন, সন্দেহভাজন ১৩৩ জন ও নেগেটিভ ৭১ জন। আগের দিনে রোগী ছিল ৪০৩ জন।
আজকের মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলারই ১৭৯ জন। গত জুলাই মাসজুড়ে হাসপাতালের রোগীদের মধ্যে রাজশাহীর পরেই থেকেছে নাটোর। দ্বিতীয় স্থানে থাকা পাবনার মোট রোগী ৭০ জন।
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার মোট ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ২১ শতাংশ। আগের দিনে এই হার ছিল ২৩ দশমিক ৮১।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ২১৫ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৩ শতাংশ।
রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫৫ শতাংশ। আগের দিনে এ হার ছিল ১১ দশমিক ৭৬ শতাংশ।