রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে ৬৮৬ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ২২। আজ রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁয় ২ জন করে ও পাবনায় ১ জন মারা গেছেন। এর আগের দিন হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১ জনের মৃত্যু হয়েছিল।

গত ১৩ জুন থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই হাসপাতালে মৃত্যুর সংখ্যা ১০ থেকে ২৫-এর মধ্যে ওঠানামা করেছে। টানা দুই মাস পর গত ১২ আগস্ট নয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৯ জুন ও ১৪ জুলাই সর্বোচ্চ ২৫ জন করে মারা যান। চলতি মাসে এখন পর্যন্ত ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের মাসে ৫৩৫ জন মারা গেছেন। গত জুনে মারা গেছেন ৩৪৬ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত এক দিনে হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৩ জন। হাসপাতালে বর্তমানে ৫১৩ শয্যার বিপরীতে মোট ৩১৪ জন রোগী ভর্তি আছেন।

এর মধ্যে করোনা পজিটিভ ১৮১ জন, নেগেটিভ ৫৬ জন ও উপসর্গ নিয়ে ৭৭ জন ভর্তি আছেন।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শুধু রাজশাহী জেলার রোগী ১৪২ জন।

জুলাই মাসজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক দিয়ে নাটোরের অবস্থান ছিল দ্বিতীয়। তবে ২৯ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত পাবনা দ্বিতীয় স্থানে ছিল। এরপর আবার নাটোর দ্বিতীয় স্থানে ফিরে আসে। আজ এ হাসপাতালে নাটোরের রোগী ৫৭ জন, পাবনার ৪২ জন, নওগাঁর ২৮ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩২ জন ভর্তি আছেন।