রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ছয়জন; নওগাঁ ও নাটোরের তিনজন করে এবং চাঁপাইনবাবগঞ্জের একজন। তাঁদের মধ্যে সাতজন করোনায় মারা গেছেন।
করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর চারজন, নওগাঁর দুজন ও নাটোরের একজন। এ ছাড়া নাটোরের একজন নেগেটিভ হয়ে মারা গেছেন। বাকি পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৭ জন। গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। ২৯ জুন ও ১৪ জুলাই ২৫ জন করে মারা গেছেন। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেলেন ৫১৬ জন। জুনে মারা গেছেন ৩৪৬ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৫ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫০ জন। এখনো হাসপাতালে ভর্তি ৪২৫ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৮৯ জন, সন্দেহভাজন ১৭৪ জন ও নেগেটিভ ৬২ জন। আগের দিনে রোগী ছিল মোট ৪১৫ জন।
দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালের রোগীদের মধ্যে রাজশাহীর পরই থাকছে নাটোর। গতকাল থেকে পাবনার রোগী বাড়ছে। গতকাল পাবনা ছিল দ্বিতীয় স্থানে। আজও পাবনা দ্বিতীয় স্থানে এসেছে। আজ হাসপাতালে পাবনার মোট রোগী ৭৬ জন। আর নাটোরের রোগীর হচ্ছে ৬৮ জন। আর নওগাঁর রোগীও কমে হয়েছে ৩৪ জন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা রয়েছে ৫১৩।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৬৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১৩৪ জনের। চাঁপাইনাবগঞ্জের ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের পজিটিভ এসেছে। শনাক্ত দাঁড়িয়েছে ১২ দশমিক ৮৪ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৯ দশমিক ২৫।