রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের চারজন, নওগাঁ, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে এবং পাবনার একজন। তাঁদের মধ্যে পাঁচজন করোনায় মারা গেছেন। করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুজন, রাজশাহী, পাবনা ও কুষ্টিয়ার একজন করে। বাকি নয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ সোমবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৭ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ৩৩৩ জন। গত জুন মাসের মারা গেছেন ৩৪৬ জন।

আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৪ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫৬ জন। এখনো হাসপাতালে ভর্তি ৫০৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২৫০ জন, সন্দেহভাজন ২০৭ জন ও নেগেটিভ ৫১ জন। আগের দিনে রোগী ছিল মোট ৫০৬ জন। মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ২৫২ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নাটোর। এই জেলার রোগী ৯০ জন। পাবনা রয়েছে তৃতীয় স্থানে, রোগীর সংখ্যা ৫৭। এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালের রোগীদের মধ্যে রাজশাহীর পরেই থাকছে নাটোর। তারপরই পাবনা। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা রয়েছে ৪৫৪।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৮৯ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৬ দশমিক ৬৮ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৫৫টি নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে কতটি ১৮ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৬১ শতাংশ।