রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহী ও নাটোরের চারজন করে; নওগাঁর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার একজন করে আছেন। তাঁদের মধ্যে চারজন করোনায় মারা গেছেন।
করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর একজন করে আছেন। এ ছাড়া রাজশাহী ও কুষ্টিয়ার দুজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। বাকি আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৯ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। ২৯ জুন ও ১৪ জুলাই ২৫ জন করে মারা গেছেন। আগস্ট মাসে এ পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হলো। গত জুলাইয়ে মারা গেছেন ৫৩৫ জন। এর আগে জুনে মারা যান ৩৪৬ জন।
আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৩০ জন। এখনো হাসপাতালে ভর্তি আছেন মোট ৪০২ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৮৮ জন, সন্দেহভাজন ১৩৫ জন ও নেগেটিভ ৭৯ জন। আগের দিনে রোগী ছিলেন মোট ৩৯২ জন।
আজ মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ১৭৫ জন। দ্বিতীয় অবস্থানে থাকা পাবনার রোগী ৭৭ জন। নাটোরের ৬১ জন, নওগাঁর ৩২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন আছেন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা ৫১৩।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৮৪ জনের। শনাক্ত ২৪ দশমিক ৯৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৭ দশমিক ৭৪ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জের ১২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা পজিটিভ এসেছে। করোনা শনাক্ত দাঁড়িয়েছে ২২ দশমিক ৮৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩৮ দশমিক ৬৪। নওগাঁর মাত্র চারজনের নমুনা পরীক্ষা করে সবারই নেগেটিভ এসেছে। আগের দিনে শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৫।