রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ছয়জন, পাবনার সাতজন, নাটোরের তিনজন, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে। তাঁদের মধ্যে ছয়জন করোনায় মারা গেছেন।
করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহী ও পাবনার দুজন করে এবং নাটোর ও কুষ্টিয়ার একজন করে। বাকি ১২ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ২১ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। গত ২৯ জুন ও ১৪ জুলাই ২৫ জন করে মারা গেছেন। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেলেন ৪৮৬ জন। গত জুন মাসে মারা গেছেন ৩৪৬ জন।
আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫০ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৩৯ জন। এখনো হাসপাতালে ভর্তি ৪০৩ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৮৩ জন, সন্দেহভাজন ১৭৭ জন ও নেগেটিভ ৪৩ জন। আগের দিনে রোগী ছিলেন মোট ৩৯৯ জন।
আজকের মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ১৯৩ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নাটোর। এই জেলার রোগী ৬৩ জন। দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালের রোগীদের মধ্যে রাজশাহীর পরেই থাকছে নাটোর।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৫৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১২৭ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৭৫ শতাংশ। আগের দিনে এই হার ছিল ২২ দশমিক ৫২ শতাংশ।
নাটোরের ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একজনের পজিটিভ এসেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক শূন্য ২ শতাংশ। আগের দিনে এই হার ছিল ৩৮ দশমিক ৩২ শতাংশ। চাঁপাইনাবগঞ্জের ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের পজিটি এসেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ। আগের দিনে তাদের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।