রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২৯ জুন এই হাসপাতালে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছিল। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহী জেলার ১২ জন; নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার ৩ জন করে; নওগাঁর ২ জন এবং কুষ্টিয়ার ১ জন ও যশোরের ১ জন।
তাঁদের মধ্যে সাতজন করোনায় মারা গেছেন। আর চারজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, পাবনা ও যশোরের একজন করে। করোনা নেগেটিভ একজন নওগাঁর। বাকি ১৪ জনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। আজ বুধবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৯ জন। এর মধ্যে ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫ এর মধ্যে ওঠানামা করেছে। জুলাইয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৪৮ জন। জুনে মারা গেছেন ৩৪৬ জন।
আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭২ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫৪ জন। এখনো হাসপাতালে ভর্তি ৫০০ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২৩২ জন, সন্দেহভাজন ১৯৪ জন ও নেগেটিভ ৭৪ জন। মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই রয়েছেন ২৭১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নাটোর। এই জেলার রোগী আছেন ৬৫ জন। পাবনার রয়েছেন ৬৪ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১৪৯ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৬৫। আগের দিনে এই হার ছিল ৩৩ দশমিক ৬৯। নওগাঁর ৫৭ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ৮ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক শূন্য ৪। আগের দিনে এই হার ছিল ৩৪ দশমিক ৯৮।
চাঁপাইনবাবগঞ্জে ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ২৫ জনের। শনাক্তের হার ১৮ দশমিক ৮০।