রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও করোনার উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহী জেলার তিনজন, নওগাঁর দুজন এবং কুষ্টিয়া ও নাটোরের একজন করে আছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগের দিন এই হাসপাতালের করোনা ওয়ার্ডে নয়জনের মৃত্যু হয়। গত জুন ও জুলাই মাসে হাসপাতালে দৈনিক মৃত্যুর সংখ্যা ১০ থেকে ২৫-এর মধ্যে ওঠানামা করলেও চলতি মাসে সেটি বেশ কয়েকবার ১০-এর নিচে নেমেছে। হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে জুলাই মাসে সর্বোচ্চ ৫৩৫ জন মারা গেছেন। এর আগে জুন মাসে মারা গেছেন ৩৪৬ জন। আর আগস্টে এ পর্যন্ত মারা গেছেন ৩১০ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫ জন। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২০৯। এর মধ্যে করোনা পজিটিভ ১০২ জন, সন্দেহভাজন ৮২ জন ও করোনা নেগেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৫ জন।
হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে মোট ৪১৮ শয্যার বিপরীতে ২০৮ জন রোগী আছেন। এর মধ্যে রাজশাহীর ১০৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩০, নাটোরের ২৯, কুষ্টিয়ার ১১, মেহেরপুরের ২, নওগাঁ ও পাবনার ১৫ জন করে এবং চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের ১ জন করে রোগী চিকিৎসাধীন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই ল্যাবে গতকাল রাতে রাজশাহী জেলার মোট ৩২৭ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭৪। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৩১।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলা ও নগরীর আরটি-পিসিআর, র্যাপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট মেশিনে মোট ৪৯৯ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ৭৭৭। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী নগরীর একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ২৯০ জন করোনায় মারা গেছেন।