রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে দুইজন, নেগেটিভ হয়ে একজন ও করোনার উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। আজ রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী তথ্যটি নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর চারজন এবং নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে আছেন। এর আগের দিন এই হাসপাতালে করোনা ওয়ার্ডে আটজনের মৃত্যু হয়েছিল।

গত ১৩ জুন থেকে জুলাই পর্যন্ত হাসপাতালে দৈনিক মৃত্যুর সংখ্যা ১০ থেকে ২৫-এর মধ্যে ওঠানামা করেছে। তবে চলতি মাসে দৈনিক মৃত্যুর সংখ্যা বেশ কয়েকবার ১০-এর নিচে নেমেছে। এই হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে জুলাইয়ে সর্বোচ্চ ৫৩৫ জন মারা গেছেন। জুনে মারা গেছেন ৩৪৬ জন। আর আগস্টে এ পর্যন্ত ৩৩৫ জনের মৃত্যু হয়েছে।

ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৭৬। এর মধ্যে করোনা পজিটিভ ৭৫ জন, সন্দেহভাজন ৪৩ জন ও করোনা নেগেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৪ জন।

হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ৪১৮ শয্যার বিপরীতে রাজশাহী জেলার সর্বোচ্চ ৭৯ জন ভর্তি আছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৩২ জন, নাটোরের ২৪ জন, নওগাঁর ১৪ জন, পাবনার ১৭ জন, জয়পুরহাটের ৩ জন, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের একজন করে এবং নীলফামারী, কুষ্টিয়া ও মেহেরপুরের দুইজন করে আছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই ল্যাবে গতকাল শুক্রবার রাতে মোট ২৪৪ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৩১ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ।

এদিকে আজ সকালে রাজশাহী সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলা ও নগরে আরটি-পিসিআর, র‍্যাপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট মেশিনে মোট ৩৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ১ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১৪ দশমিক ২৫ শতাংশ। এ নিয়ে রাজশাহী জেলায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৯৬৭। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু নিয়ে জেলায় করোনায় মোট ২৯২ জনের মৃত্যু হলো।