রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে এবং নওগাঁ ও পাবনার একজন করে আছেন। তাঁদের মধ্যে করোনা শনাক্ত হয়ে একজন ও করোনার উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান চারজন। গত ১৩ জুন থেকে জুলাই মাসের মধ্যে হাসপাতালে ১০ থেকে ২৫-এর মধ্যে মৃত্যু ওঠানামা করলেও আগস্টে এসে সেটা কয়েকবার ১০-এর নিচে নেমেছে। হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে জুলাইয়ে মারা গেছেন সর্বোচ্চ ৫৩৫ জন। জুনে মারা গেছেন ৩৪৬ জন। আর আগস্টে এখন পর্যন্ত মারা গেছেন ৩২৮ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ১৬ জন। এখন হাসপাতালে মোট ভর্তি আছেন ১৭৭ জন। তাঁদের মধ্যে করোনা শনাক্ত ৮৪ জন, সন্দেহভাজন ৬৬ জন, করোনা নেগেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৭ জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে মোট শয্যাসংখ্যা ৪১৮। এর বিপরীতে রোগী রয়েছেন রাজশাহীর ৮৫, চাঁপাইনবাবগঞ্জের ২৩, নাটোরের ২৬, নওগাঁর ১৩, পাবনার ১৬, কুষ্টিয়ার ৭, চুয়াডাঙ্গার ১, জয়পুরহাটের ৩, সিরাজগঞ্জের ১, নীলফামারীর ১ ও মেহেরপুরের ১ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই ল্যাবে গতকাল শুক্রবার রাতে রাজশাহী জেলার মোট ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১৩ জনের। শনাক্তের হার ৮ দশমিক ৩৩ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় এ হার ছিল ১৯ দশমিক ২ শতাংশ।