রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে জেলায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬৪৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৩২ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১১ দশমিক ৪১ শতাংশ। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
৯ জনের মধ্যে করোনায় ৪ জন ও করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোর ও নওগাঁর দুজন করে এবং মেহেরপুরের একজন রয়েছেন।
এ নিয়ে আগস্টে এখন পর্যন্ত ১২৪ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ে মারা গেছেন ৫৩৫ জন। জুনে ৩৪৬ জন মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত এক দিনে হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ১৬ জন ভর্তি হয়েছেন। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন। হাসপাতালে বর্তমানে ৫১৩ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৬১। তাঁদের মধ্যে করোনা পজিটিভ ১৪৭ জন, নেগেটিভ ৪১ জন ও উপসর্গ নিয়ে ৭৩ জন ভর্তি আছেন।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শুধু রাজশাহী জেলার রোগী ১২৪ জন। নাটোরের রোগী ৩৮, পাবনার ৩৪, নওগাঁর ২০ ও চাঁপাইনবাবগঞ্জের ২৭ জন ভর্তি আছেন।