রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে দুই দিনে সাতজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে কয়েক মাস ধরে মৃত্যু কমেছিল। তবে গত দুই দিন ধরে আবারও মৃত্যু বেড়েছে। করোনা ও করোনার উপসর্গে গত দুই দিনে সাতজনের মৃত্যু হয়েছে। তবে আজ বুধবার করোনা পজিটিভ কোনো রোগী ভর্তি হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে তিনজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টার মধ্যে তাঁরা মারা যান। তাঁদের মধ্যে করোনায় রাজশাহীর একজন এবং উপসর্গ নিয়ে রাজশাহী ও নওগাঁর একজন করে মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চারজনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে রাজশাহী ও নওগাঁর একজন করে মারা গেছেন। এ ছাড়া ওই ইউনিটে কুষ্টিয়া ও সিরাজগঞ্জের একজন করে রোগী মারা গেছেন। প্রথমে করোনা নিয়ে ভর্তি হলেও পরে তাঁদের নমুনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ আসে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী প্রথম আলোকে বলেন, করোনার উপসর্গে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দুই দিনে বেড়েছে। তবে এটা উদ্বেগজনক নয়। যাঁরা উপসর্গে মারা গেছেন, তাঁরা কেউ কেউ হার্টের সমস্যা নিয়ে শেষ মুহূর্তে এসেছেন। তাঁদের সেভাবে পরীক্ষাও করা হয়নি।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়নি। তবে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী। ৩৪ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ছয়জন রোগী। এক দিন আগেও এ সংখ্যা ছিল ১০। বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে কোনো রোগী ভর্তি নেই। তবে সন্দেহভাজন করোনা রোগী আছেন পাঁচজন। করোনা–পরবর্তী জটিলতা নিয়ে আরও একজন ভর্তি আছেন।

এদিকে গতকাল রাজশাহী মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে রাজশাহীর ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে কারও করোনা শনাক্ত হয়নি।