রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ।
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন ও নওগাঁর ৪ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন। এর ৭ জনই রাজশাহীর। অপরজন চাঁপাইনবাবগঞ্জের।

আগের দিন এই হাসপাতালে মৃত্যু হয়েছিল ১৬ জনের। এর আগে ৪ জুন ১৬ জনের মৃত্যু হয়েছিল। এই প্রথম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হলো।

এ নিয়ে চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মোট ২৫৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ১৮–এর মধ্যে ওঠানামা করছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৪ জন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন ৪৩ জন। এখন হাসপাতালে মোট ভর্তি আছেন ৪০৪ জন। এর মধ্যে করোনার সন্দেহভাজন রোগী ১৮৪ জন, করোনা পজিটিভ রোগী ১৭২ জন আর করোনা নেগেটিভ ৪৮ জন। আগের দিন মোট রোগীর সংখ্যা ছিল ৪১০।

আগের দিন দুটি ল্যাবে রাজশাহীর মোট ৩৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে করোনা শনাক্ত হয় ৭১ জনের। রাজশাহীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৯৪ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জে এই হার ৯ দশমিক ৮৯ শতাংশ। আগের দিন রাজশাহীতে শনাক্তের হার ছিল ৩৩ দশমিক শূন্য ৪ আর চাঁপাইনবাবগঞ্জে ছিল ২৫ দশমিক ৭৭ শতাংশ।

হাসপাতালে এখন মোট শয্যাসংখ্যা ৩৫৭। এর মধ্যে ১৬ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে। এই ওয়ার্ডে ৩২ শয্যার বিপরীতে রোগী ভর্তি ৫১ জন।