রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। ২ মাস ২০ দিন পর এই হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু ছয়ে নামল। গত ৬ জুন করোনা ওয়ার্ডে ছয়জনের মৃত্যু হয়েছিল। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া ছয়জনের মধ্যে রাজশাহী ও নওগাঁ জেলার একজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার দুজন করে আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে চারজন, নেগেটিভ হয়ে একজন ও করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। ছাড়পত্র পেয়ে চলে গেছেন ২৯ জন। এখনো হাসপাতালে ভর্তি আছেন ১৯০ জন। এর মধ্যে করোনা রোগী ৯২ জন, সন্দেহভাজন ৬৯ জন, করোনা নেগেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৯ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান সাতজন। ১৩ জুন থেকে জুলাই পর্যন্ত হাসপাতালে মৃত্যুর সংখ্যা ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করেছে। আগস্টে মৃত্যুর সংখ্যা কয়েকবার ১০–এর নিচে নেমেছে। হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে জুলাইয়ে মারা গেছেন সর্বোচ্চ ৫৩৫ জন। জুনে মারা গেছেন ৩৪৬ জন। চলতি আগস্টে এ পর্যন্ত মারা গেছেন ৩১৬ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে গতকাল রাতে রাজশাহী জেলার মোট ৩৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের। শনাক্তের হার ১৬ দশমিক ১৮।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলা ও নগরে আরটি-পিসিআর, র‍্যাপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট মেশিনে মোট ৪৬২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৫ জনের। পরীক্ষা অনুপাতে শনাক্ত ১৪ দশমিক শূন্য ৭। এ নিয়ে রাজশাহী জেলায় শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৮৪২। আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১৩ দশমিক ৮২।