রাজশাহী সিটিতে আরও ছয় দিন বাড়ল ‘সর্বাত্মক লকডাউন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লকডাউন
প্রতীকী ছবি

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ‘সর্বাত্মক লকডাউন’ ছয় দিন বাড়িয়ে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। ২৪ জুন দিবাগত রাত ১২টা থেকে শুরু হবে তৃতীয় দফার এ লকডাউন। আজ বুধবার বেলা ৩টার দিকে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

রাজশাহীতে করোনা শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যার চেয়ে সব সময় বেশি রোগী ভর্তি থাকছেন। প্রথম দফা লকডাউন শুরুর পরদিন ১২ জুন জেলায় করোনা শনাক্তের হার ছিল ৫৩ দশমিক ৬৭ শতাংশ। এই হার প্রতিদিন ওঠানামা করলেও রোগী বেড়েই চলেছে।

জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, এই পরিস্থিতিতে সিটি মেয়রসহ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে রাজশাহীর করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সিটি করপোরেশন এলাকায় লকডাউনের পাশাপাশি উপজেলা এলাকায় বিধিনিষেধ জুনের শেষ পর্যন্ত বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। সিটি করপোরেশনের মতো উপজেলাগুলোতে মানুষ যাতে অতি জরুরি প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে না পারে, এবার সেই চেষ্টা থাকবে।

দ্বিতীয় দফায় আবার সাত দিন বাড়িয়ে ২৪ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত করা হয়েছিল। আজ আরেক দফা বাড়িয়ে জুনের বাকি সময়টা লকডাউনের আওতায় আনা হলো।

জেলা প্রশাসক আরও বলেন, লকডাউনে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, শপিং মল, মার্কেট, দোকান, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে ওষুধ, কাঁচাবাজার, চিকিৎসাসেবা লকডাউনের আওতামুক্ত থাকবে। এ ছাড়া লকডাউনের সময় বাস, ট্রেনসহ সব ধরনের গণপরিবহন রাজশাহী নগরে প্রবেশ করতে পারবে না এবং রাজশাহী মহানগর থেকে বাইরে যেতে পারবে না। তবে আমসহ কৃষি ও খাদ্যসামগ্রীর পরিবহন চলাচল করবে। জনসমাবেশ হয় এমন সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে।

রাজশাহী জেলায় গত ঈদের পর থেকে করোনার সংক্রমণ বাড়তে থাকে। এটি জুন মাসের শুরুতে তীব্র হয়। সংক্রমণ ও মৃত্যু রোধে ১১ জুন বিকেল পাঁচটা থেকে সিটি করপোরেশন এলাকায় প্রথম দফায় সাত দিনের লকডাউন শুরু হয়েছিল। ১৭ জুন দিবাগত রাত ১২টায় ওই সময়সীমা শেষ হলে লকডাউন ওই সময় থেকে দ্বিতীয় দফায় আবার সাত দিন বাড়িয়ে ২৪ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত করা হয়েছিল। আজ আরেক দফা বাড়িয়ে জুনের বাকি সময়টা লকডাউনের আওতায় আনা হলো।