রাজশাহীতে আট বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গত আট বছরের মধ্যে আজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার এমন পরিস্থিতি থাকবে আরও কয়েক দিন
ছবি: প্রথম আলো

বৈশাখের দ্বিতীয় দিনে গ্রীষ্মের খরতাপে পুড়েছে রাজশাহী। জেলাটিতে আজ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি রাজশাহীতে গত আট বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীতে সমপরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

রাজশাহী আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক রহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, রাজশাহীতে কয়েক দিন ধরে তাপমাত্রা বেড়েছে। গত কয়েক দিন ৩৫-৩৮ ডিগ্রির মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু আজ শুক্রবার বেলা দুইটায় সেই পারদ উঠে যায় ৪১ দশমিক ২ ডিগ্রিতে। বিকেলেও কয়েক ঘণ্টা এটি ছিল। এটিই চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল।

এই আবহাওয়াবিদ জানান, তাপমাত্রার এই অবস্থা আরও চার-পাঁচ দিন বিরাজ করতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনাও তেমন নেই। তবে সপ্তাহের শেষ নাগাদ আকাশে মেঘ জমে বৃষ্টি হতে পারে।

রাজশাহীতে এ বছর এখন পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি। এতে এই অঞ্চলের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি আম ঝরে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক বাগানে আম ঝরেও পড়ছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, এ বছর এমনিতেই আম কম ধরেছে। এই খরায় আম ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। তবে ঠিকমতো বাগানে সেচ দিলে তেমন ক্ষতি হবে না।