রাজশাহীতে আটকে পড়া শিক্ষার্থীদের নিজ জেলায় পৌঁছে দেবে রাবি কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

পরীক্ষা দেওয়ার জন্য রাজশাহীতে এসে আটকে যাওয়া শিক্ষার্থীদের নিজ জেলায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। ১৫-১৬ জুলাইয়ে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালনকারী উপাচার্য আনন্দ কুমার সাহা। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী বিভিন্ন বর্ষের পরীক্ষা দিতে এসে চলমান লকডাউনে আটকে পড়েছেন। লকডাউনে সারা দেশের গণপরিবহন বন্ধ থাকায় তাঁদের বাড়ি ফেরা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের কথা চিন্তা করে শিক্ষার্থীদের নিজ জেলায় বাসযোগে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রাজশাহীতে বর্তমানে ঠিক কতজন শিক্ষার্থী রয়েছেন, সেই তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নেই বলে জানান তিনি। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন নিবন্ধন চালু করা হয়েছে। ৯ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা বাড়ি যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তারপর শিক্ষার্থীদের অঞ্চল ও রুট ঠিক করে ১৫-১৬ জুলাইয়ের দিকে পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত ৩ জুন এক ভার্চ্যুয়াল সভায় বিভিন্ন বর্ষের ২০১৯ সালের আটকে থাকা পরীক্ষাগুলো ২০ জুন এবং ২০২০ সালের পরীক্ষাগুলো ৪ জুলাই থেকে শুরু করতে প্রতিটি বিভাগকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ খবর পেয়ে কয়েক দিনের মধ্যে শিক্ষার্থীরা রাজশাহীতে চলে আসেন। আবাসিক হল বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেস ভাড়া নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন।

কিন্তু রাজশাহীতে করোনা পরিস্থিতির অবনতি হলে ১১ জুলাই রাজশাহী সিটি করপোরেশনকে লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নেয় রাজশাহী জেলা প্রশাসন। এরপর ১ জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। এর মধ্যেই সংশ্লিষ্ট বিভাগগুলো পরীক্ষা স্থগিত করে দেয়। এতে মেসে থাকা শিক্ষার্থীদের বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসযোগে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার দাবি তুলেন।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান বলেন, কোন জেলাতে কতজন শিক্ষার্থী রয়েছেন, সেই তালিকা সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি অনলাইন লিংক তৈরি করা হয়েছে। সেই লিংকে গিয়ে শিক্ষার্থীরা তাঁদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজ নিজ জেলার নাম, শিক্ষাবর্ষ ও মুঠোফোন নম্বর দিয়ে আবেদন করবেন। ৯ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আজ থেকেই অনলাইনে এই নিবন্ধন শুরু হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মোকছেদুল হক জানান, ৯ জুলাইয়ের মধ্যে তাঁরা জানতে পারবেন বর্তমানে রাজশাহীতে কতসংখ্যক শিক্ষার্থী রয়েছেন। তখন শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করে কোন জেলায়, কোন রুটে কতগুলো বাস যাবে, তা নির্ধারণ করা হবে।

তিনি বলেন, ‘আমরা হয়তো শিক্ষার্থীদের একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারব না। জেলা শহরগুলোতে নামিয়ে দেব। এ বিষয়ে ওই জেলার প্রশাসনকেও অবগত করা হবে যেন শিক্ষার্থীরা বিপাকে না পড়ে। যদি দেখা যায় কোনো জেলায় বেশি শিক্ষার্থী রয়েছে, সে ক্ষেত্রে সেখানে দুই দফায় বাস দেওয়া হবে। আবার কম শিক্ষার্থী হলে কয়েকটি জেলার সঙ্গে মিলিয়ে বাস দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনেই প্রতিটা বাস পরিচালনা করা হবে।’