রাজশাহীতে এক মাসের ব্যবধানে করোনায় আক্রান্ত ও মৃত্যু দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১২ এপ্রিল। ৩০ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৭ হাজার ৬০৪ জনে। এর মধ্যে শুধু জুন মাসের ৩০ দিনে শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৩১ জন। অর্থাৎ এই এক মাসেই জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরটি-পিসিআর, র‌্যাপিড অ্যান্টিজেন ও জিন-এক্সপার্ট মেশিনে মোট ৬৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ২৪১ জনের। জেলায় গত এক মাসে করোনা শনাক্তের হার ১৭ থেকে ২৫ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। টানা ২২ দিন ধরে চলা লকডাউনের মধ্যেই শনাক্তের হার ৩৬ দশমিক ৮৫ শতাংশে উঠেছে। এর আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ২৩ দশমিক ৭১ শতাংশ। এখন পর্যন্ত জেলায় করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৪৫ জনে।

এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৯০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩৭৭ জনের। শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৭১ শতাংশ।

স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যান গত বছরের ২৬ এপ্রিল। এ পর্যন্ত মারা গেছেন ১৬৪ জন। ৩০ জুন পর্যন্ত মারা যাওয়া মানুষের সংখ্যা ছিল ১৬০ জন। আর জুন মাসে মারা গেছেন ৭৪ জুন। অর্থাৎ ১৫ মাসের মধ্যে শুধু জুন মাসে মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

চিকিৎসকেরা বলছেন, রাজশাহীতে সংক্রমণ হার গত ঈদুল ফিতরের পরই বাড়তে শুরু করেছে। জুন মাসে এটা তীব্র হয়। এই মাসে জেলায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে, মারাও গেছে। আগে গ্রামে কম শনাক্ত হতো। এখন প্রায় সমান হারে গ্রামে-শহরে শনাক্ত হচ্ছে, মারাও যাচ্ছে।

জেলা সিভিল সার্জন মো. কাইয়ুম তালুকদার বলেন, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার অনেক বেড়ে গেছে। তবে চলমান লকডাউন বাস্তবায়ন হলে এটা কমবে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হওয়ার বিষয়ে তিনি বলেন, রাজশাহী জেলাজুড়ে কঠোর লকডাউন চলছে। এই লকডাউনে মানুষ বাইরে বের হতে পারছে না। আগে পথচারীদের ডেকে ডেকে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হতো। এখন আর সেটা সম্ভব হচ্ছে না। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিটি করপোরেশনের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা চলছে। তাঁর দাবি, এই সাত দিন মানুষের সংস্পর্শে মানুষ না এলে এমনিতেই সংক্রমণ কমে যাবে।

আরও পড়ুন