রাজশাহীতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম অর্ধেকে নেমেছে
সারা দেশে মার্চের প্রথম দিকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যায়। রাজশাহীতেও ভোক্তাদের বেশি দামে পেঁয়াজ কিনতে হয়। মার্চের শুরুতে রাজশাহীতে পেঁয়াজের দাম ছিল ২৫-৩০ টাকা। প্রথম সপ্তাহে দাম বাড়তে বাড়তে হয়ে যায় কেজিতে প্রায় ৭০ টাকা। তবে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে অর্ধেক। বর্তমানে বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়।
আজ রোববার রাজশাহী নগরের কাজলা, বিনোদপুর, সাহেববাজার মণিচত্বর মাস্টারপাড়াসহ বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, বাজারে পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি বাজারে আরও আগাম বিভিন্ন জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, দাম পেয়ে অনেক কৃষক আগেভাগেই পেঁয়াজ তুলছেন। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি। এ কারণে বাজারে পেঁয়াজের দাম কমেছে।
মণিচত্বর মাস্টারপাড়া বাজারের বিক্রেতা কামাল আহমেদ বলেন, বাজারে অন্য সবজির দাম খুব বেশি বাড়েনি। তবে বাড়তি অবস্থায় স্থিতিশীল রয়েছে। সে জায়গা থেকে পেঁয়াজের দাম কমেছে।
কাজলা কাঁচাবাজারের ব্যবসায়ী সুজিত সরকার বলেন, পেঁয়াজের সরবরাহ থাকায় পেঁয়াজের দাম কমেছে।
মণিচত্বর বাজারে কথা হয় ক্রেতা আবদুল হামিদের সঙ্গে। তিনি বলেন, পেঁয়াজের দাম তবু কমেনি। পেঁয়াজের ভরা মৌসুমে ৪০ টাকা দাম বেমানান। পেঁয়াজের দাম কিছুটা কমলেও অন্য সবকিছুর দাম বাড়তির দিকে।