রাজশাহীতে ওয়াসার পানির দাম তিন গুণ বাড়ানোয় প্রতিবাদ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানির দাম বাড়ানোর প্রতিবাদে রাজশাহী ওয়াসার বিরুদ্ধে গণসংযোগ করে যাচ্ছে মহানগর ওয়ার্কার্স পার্টি। আজ বুধবার দুপুরে নগরের সাহেব বাজারের আরডিএ মার্কেট এলাকায়
ছবি: প্রথম আলো

পানির দাম একলাফে তিন গুণ বাড়ানোর প্রতিবাদে রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) বিরুদ্ধে নগরের প্রতিটি ওয়ার্ডে গত কয়েক দিনের মতো আজ বুধবারও গণসংযোগ করেছে মহানগর ওয়ার্কার্স পার্টি। গণসংযোগকালে নগরের বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছেন রাজনৈতিক দলটির কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়ার কথা রয়েছে তাঁদের।

পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে গত বুধবার (৯ ফেব্রুয়ারি) মানববন্ধন করে ওয়ার্কার্স পার্টি। পরদিন থেকে সকাল–বিকেল নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হচ্ছে। প্রতিদিনের মতো আজ দুপুর ১২টায় রাজশাহী নগরের সাহেববাজার এলাকা থেকে জনসংযোগ শুরু করে ওয়ার্কার্স পার্টি। সাহেববাজার থেকে আরডিএ মার্কেট, কাপড়পট্টি হয়ে মনি চত্বর মাস্টারপাড়া কাঁচাবাজারে গিয়ে কর্মসূচি শেষ হয়। বিকেল সাড়ে চারটার দিকে নগরের কাশিয়াডাঙ্গা থানাধীন এলাকায় একই কর্মসূচি পালন করেছে দলটি।

গত জানুয়ারির শুরুতে রাজশাহী নগরে পানির দাম আগের মূল্যের তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ওয়াসা। এ নিয়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে নগরবাসীকে অতিরিক্ত তিন গুণ মূল্য পরিশোধ করার কথা।

পানির মান নিয়ে আগে থেকেই নগরবাসীর অসন্তোষ ছিল। সেবার মান না বাড়িয়ে ওয়াসার পানির দাম হঠাৎ তিন গুণ বাড়ানো অযৌক্তিক বলছেন তাঁরা। অনেকের অভিযোগ, ওয়াসার পানি সব সময় ঠিকমতো পাওয়া যায় না। আবার প্রায়ই পানের অযোগ্য পানি সরবরাহ করা হয়। এমন অবস্থায় পানির দাম বাড়ানোর ঘোষণায় তাঁরা ক্ষুব্ধ।

নগরের কুমারপাড়া এলাকার চা–দোকানি চন্দন সাহা বলেন, ওয়াসার পানি ব্যবহার করলে শরীর গন্ধ করে। হাত–মুখ ধোয়া যায় না। পানির মূল্যবৃদ্ধি তাঁরা কোনোভাবেই মানবেন না। নগরের সাহেববাজার এলাকায় ফুটপাতে ভ্যানে করে পেয়ারা বিক্রেতা আরমান আলী বলেন, সরাসরি এ পানি খাওয়া যায় না। পানিতে অনেক সময় কেঁচোও আসে। এই পানির অতিরিক্ত দাম তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়।

গণসংযোগের সময় মাইকিং করে লিফলেট নিয়ে ওয়ার্কার্স পার্টির ১৫–২০ জন কর্মী পথচারী, রিকশার যাত্রী, চা–দোকানসহ বিভিন্ন দোকানি ও ক্রেতাদের কাছে যাচ্ছেন। লিফলেট দেওয়ার সময় তাঁরা ওয়াসার পানির দাম বাড়ানোর বিষয়ে বলছেন। ওয়াসার পানি নিয়ে ভোক্তাদের অভিযোগ শুনছেন। এ বিষয়ে ওয়ার্কার্স পার্টি বড় ধরনের আন্দোলনে গেলে ভোক্তারা থাকবেন কি না, এ বিষয়েও জানা হচ্ছে।

গণসংযোগে বিতরণ করা লিফলেটে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে রাজশাহী ওয়াসা আবাসিকে প্রতি ১ হাজার লিটার পানির দাম ২ দশমিক ২৭ টাকা থেকে বাড়িয়ে ৬ দশমিক ৮১ টাকা এবং বাণিজ্যিকে ৪ দশমিক ৫৪ টাকা থেকে বাড়িয়ে ১৩ দশমিক ৬২ টাকা নির্ধারণ করেছে, যা গণশুনানি ছাড়া অযৌক্তিক। আসুন ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হই।

লিফলেটে তিন দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে। দাবিগুলো হল—পানির দাম তিন গুণ মানি না, প্রত্যাহার কর; পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পাড়ায় পাড়ায় সোচ্চার হও ও গণশুনানি করে পানির মূল্য নির্ধারণ করতে হবে।

গণসংযোগে রাজশাহী ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক, সম্পাদকমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ সংগঠনির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকছেন।

দেবাশীষ প্রামাণিক বলেন, তৃণমূলের মানুষের কাছে ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন তাঁরা। মানুষ বলছে, নোংরা, দুর্গন্ধযুক্ত পানির দাম বাড়ানো অযৌক্তিক। মানুষ এই পানির তিন গুণ বেশি মূল্য পরিশোধ করতে রাজি নন। ওয়ার্কার্স পার্টি কর্মসূচি দিলে সাধারণ মানুষ থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন। যদি দ্রুতই ওয়াসা তাদের সিদ্ধান্ত থেকে না সরে আসে, তাহলে রাজশাহীর মানুষকে নিয়ে দ্রুতই বড় ধরনের আন্দোলনে যাবে ওয়ার্কার্স পার্টি।