রাজশাহীতে কম্বল পেয়ে শীতের কষ্ট দূর হলো আকেরুন নেছাদের

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় শীর্তাতদের মধ্যে কম্বল বিতরণ করা হয়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকার বস্তিতে থাকেন আকেরুন নেছা। স্বামী ও দুই ছেলে মারা গেছেন অনেক আগে। মেয়েকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু স্বামীর বাড়িতে তিনি থাকতে পারেনি। মা-মেয়ে এখন একসঙ্গে থাকেন। বাদাম বিক্রি করে সংসার চলে টেনেটুনে। কম্বল কেনার সামর্থ্য নেই। তাই শীতে কষ্ট পাচ্ছিলেন। অবশেষে বৃহস্পতিবার নতুন কম্বল হাতে পেয়ে মুখে হাসি ফোটে তাঁর।

প্রথম আলোর ট্রাস্টের উদ্যোগে বিতরণ করা কম্বল হাতে পেয়ে আকেরুন নেছা (৭৫) বলেন, ‘৩০ টাকা দিয়ে একটা পাতলা সুয়েটার কিনেছিলাম। শীত মানায় না। কম্বল পেলাম, এখন শীতটা আরামে কাটাব।’

তালাইমারী শহীদ মিনার এলাকার বস্তির আরেক বাসিন্দা রাসু বেগম (৮০)। চোখে কম দেখেন। তাঁর দুই ছেলে। কিন্তু করোনাকালে তাঁদের কাজকর্ম নেই। এবার শীতের জামা ছেলেরাও কেনেননি। তাঁকেও কিনে দিতে পারেননি। কম্বল পেয়েই গায়ে জড়িয়ে নিলেন। বললেন, ‘ব্যাটা তোমা গো ভালো হোক, দোয়া করি। এখন আর শীত ছুঁতে পারবে না।’ গতকাল আকেরুন নেছা, রাসু বেগমের মতো রোকেয়া বেওয়া (৭০), জয়গুন বেগম (৭৫), জমেলা বেগম পেয়েছেন কম্বল।

বেলা সাড়ে ১১টায় কম্বলগুলো বিতরণ করা হয়। রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় নির্মাণাধীন প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠাশালা স্কুলের শিক্ষার্থীসহ আশপাশের বৃদ্ধ ও অসহায় মানুষকে ২০০ কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণে সহযোগিতা করেন রাজশাহী বন্ধুসভার সদস্যরা।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফর, প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, প্রথম আলো ট্রাস্ট আলোর পাঠশালা স্কুলের সভাপতি মো. মাসুদ রানা, প্রথম আলো বন্ধুসভা রাজশাহীর উপদেষ্টা মো. ফারুক হোসেন, প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন, সহকারী প্রধান শিক্ষক রিপন মাহমুদ, সহকারী শিক্ষক নাসরিন খাতুন, বন্ধুসভা রাজশাহীর সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মদিনা আক্তার, দপ্তর সম্পাদক পল্লব কুমার পালসহ অন্য সদস্যরা।

শীতার্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে পারেন আপনিও। সহায়তা পাঠানো যাবে ব্যাংকের মাধ্যমে। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।