রাজশাহীতে করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব চালুর প্রস্তুতি

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে আরেকটি ল্যাব (পরীক্ষাগার) প্রস্তুত করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই বছর আগে কেনা পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনটি এই ল্যাবে কাজে লাগানো হবে। হাসপাতালের বহির্বিভাগ প্যাথলজিতে এই ল্যাব করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
রাজশাহীর প্রথম ল্যাবটি রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে বসানো হয়েছে। ১ এপ্রিল থেকে সেটি চলছে। মেশিনটির প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। রোববার (১২ এপ্রিল) ৯০টি নমুনা পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে। এগুলো পরীক্ষা সম্পন্ন হলে রাজশাহীতে রোববার পর্যন্ত মোট ৪৮০টি নমুনা পরীক্ষা হবে।
ল্যাবসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিদিন পরীক্ষার জন্য বিভিন্ন এলাকা থেকে আসা নমুনা উদ্বৃত্ত থাকছে। ভবিষ্যতে এই চাপ আরও বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য দ্বিতীয় ল্যাবটি চালু করা হচ্ছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, এই পিসিআর মেশিনটি ২০১৭ সালে কেনা হয়েছে। এটা হাসপাতালের বহির্বিভাগ প্যাথলজিতেই প্যাকেটবন্দী ছিল।
হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা রোববার দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন। তাঁর সঙ্গে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানও উপস্থিত ছিলেন।
পরে ফজলে হোসেন প্রথম আলোকে বলেন, এই পিসিআর মেশিনটি আগে থেকেই হাসপাতালে পড়ে ছিল। অনেকেই বলেছেন, এটা চালু করতে ছয় মাস লাগবে। তিনি এটা চালু করার জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছেন। এ জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে সহযোগিতা চেয়েছেন। তিনি সব রকম সহযোগিতা করতে চেয়েছেন। ফজলে হোসেন বলেন, সোমবার থেকে প্যাথলজি প্রস্তুতের কাজ শুরু হবে। এখন শুধু বহির্বিভাগের যেসব রোগী পরীক্ষা-নিরীক্ষার জন্য এই প্যাথলজির সামনে এসে বসতেন, তাঁদের জন্য বাইরে একটি টিনশেড প্রস্তুত করবেন। এটি হয়ে গেলেই প্যাথলজিতে কাজ করা যাবে।
সাংসদ ফজলে হোসেন বলেন, উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসার জন্য রামেক হাসপাতাল একটা ভরসার জায়গা। সে জন্য এর সক্ষমতা বৃদ্ধির জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি মনে করেন, সন্দেহজনক রোগীর যত বেশি পরীক্ষা করা যাবে, পরিস্থিতি মোকাবিলা করা তত বেশি সহজ হবে। সে জন্য তিনি আরেকটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের গবেষণাগারে ও ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের গবেষণাগারে একটি করে পিসিআর মেশিন রয়েছে। এ ছাড়া রাজশাহী নগরের চৌদ্দপাই এলাকায় অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহীতে (বিসিএসআইআর) একটি পিসিআর মেশিন রয়েছে।