রাজশাহীতে করোনার প্রথম টিকা নিলেন সাংসদ বাদশা
রাজশাহীতে করোনার প্রথম টিকা নিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। আজ রোববার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকাদান কেন্দ্রে তিনি রাজশাহী জেলার প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেন।
টিকা নিয়ে ফজলে হোসেন বাদশা বলেন, ‘একটা উৎকণ্ঠা থাকে যে ভ্যাকসিন কেমন হবে। কিন্তু আমি তো অনেক ধরনের ভ্যাকসিন নিয়েছি। আমার কাছে মনে হয়েছে, এই ভ্যাকসিনটা অত্যন্ত নিরাপদ এবং আমি কোনো কিছু অনুভব করিনি। ব্যথাও অনুভব করিনি। ভ্যাকসিন নেওয়ার পরও আমার মধ্যে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া নেই। ফলে ভ্যাকসিন নিয়ে যেসব কথাবার্তা, তার অবসান হওয়া দরকার।’
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাদশা বলেন, ‘ভ্যাকসিন সকলকেই তো নিতেই হবে। করোনা প্রতিরোধের ক্ষেত্রে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। আমার মনে হয় সব সচেতন–সাধারণ মানুষদের কাছে যাতে ভ্যাকসিনটা পৌঁছানো যায়, সে ব্যাপারে সবাইকে উদ্যোগ নিতে হবে। সর্বস্তরের মানুষের কাছে যদি ভ্যাকসিন পৌঁছে যায়, তবে বাংলাদেশ দ্রুত করোনামুক্ত হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা দেশটা স্বাধীন করেছি। আমি মুক্তিযোদ্ধা হিসেবে প্রথম ভ্যাকসিন নিলাম। মানুষের মধ্য থেকে ভয়ভীতি দূর করার জন্য আমার কাছে মনে হয়েছে জনপ্রতিনিধিদের আগে নেওয়া দরকার। সেই জায়গা থেকে আমি নিয়েছি।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি বুথে আজ টিকা দেওয়া শুরু হয়েছে। অনেকে রাতে খুদে বার্তা পেয়ে এসেছেন। অনেকে না পেয়েও শুধু নিবন্ধন কার্ড নিয়ে টিকা নিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীরা রয়েছেন। সকালে এই কেন্দ্রে টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর টিকা নিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল, রাজশাহী সংরক্ষিত নারী আসনের সাংসদ আদিবা আনজুম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী, রাজশাহী সিভিল সার্জন মো. কাইয়ুম তালুকদার প্রমুখ।
টিকা নিয়ে প্রতিক্রিয়ায় রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘আমি খুবই স্বাভাবিকভাবে ভ্যাকসিন নিয়েছি। খুবই সামান্য ব্যথা লেগেছে। পিঁপড়া কামড় দিলে যে রকম ব্যথা, সে রকম।’ তিনি সবাইকে এই টিকা নেওয়ার আহ্বান জানান।
রাজশাহী সংরক্ষিত নারী আসনের সাংসদ আদিবা আনজুম বলেন, ‘আমি টিকা নিয়ে ভালো আছি। যারা এখন অপপ্রচার চালাচ্ছে, তারাও ঠিকই একসময় টিকা নেবেন। শুধু শুধু মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছেন। এখানে ভয় পাওয়ার কিছু নেই।’ নিজেদের জীবন বাঁচানোর জন্য টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
রাজশাহী জেলা সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে প্রথম ধাপে ৯০ হাজার মানুষের জন্য ১ লাখ ৮০ হাজার টিকা আসে। রাজশাহী নগরের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ হাসপাতাল, সামরিক হাসপাতাল, সিটি করপোরেশনসহ জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে করোনা টিকা প্রদান শুরু হয়েছে।