রাজশাহীতে করোনায় আরও একজনের মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই ব্যক্তির বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর বাড়ি নওগাঁর তেবাড়িয়া এলাকায়। গতকাল সোমবার রামেক হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।
হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা রাজশাহী থেকে নওগাঁয় লাশ নিয়ে দাফনের ব্যবস্থা করছে।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে করোনা রোগী এক মাদ্রাসাশিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। বাড়ি মোহনপুর উপজেলায়। দুপুরে মোহনপুরে তাঁর দাফন হয়েছে। দাফনে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন অংশ নেন। গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর করোনা শনাক্ত হয়।