রাজশাহীতে গাছ কেটে পাখি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাছ কেটে পাখি হত্যার অভিযোগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের মানববন্ধন। সোমবার দুপুরে রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে
ছবি: প্রথম আলো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চত্বরে গাছ কেটে পাখি হত্যার অভিযোগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে পরিবেশবাদী সংগঠনগুলো এই মানববন্ধন করে।

মানববন্ধনে সেভ দ্য নেচার অ্যান্ড লাইফ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন, জীববৈচিত্র্য সংরক্ষণ জোট, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস), এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিউশন (আই), নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনসহ পরিবেশবাদী আরও কয়েকটি সংগঠনের সদস্যরা অংশ নেন। এতে সংহতি জানিয়েছেন বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে নালা নির্মাণ ও গাড়ি রাখার চত্বর তৈরি করার জন্য কর্তৃপক্ষ বন বিভাগের মাধ্যমে ২৭টি গাছ কাটা হয়েছে। গত শনিবার হাসপাতালের সামনে ড্রেন নির্মাণের জন্য একটি অর্জুনগাছ কাটা হয়। এতে গাছ থেকে পড়ে যায় শামুকখোল পাখির শতাধিক ছানা। বেশির ভাগ ছানা সঙ্গে সঙ্গে মারা যায়। যেগুলো বেঁচে ছিল, সেগুলো মাংস খাওয়ার জন্য জবাই করে নিয়ে যান নির্মাণশ্রমিক ও রোগীর স্বজনেরা। এ খবর গণমাধ্যমে আসার পরে ফুঁসে ওঠেন পরিবেশবাদীরা।

পাখির ছানার এমন মৃত্যুকে হত্যার সঙ্গে তুলনা করে নির্বিচার গাছ কাটারও প্রতিবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা। বাপার জেলা সভাপতি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান মানববন্ধনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘এর আগে গাছ ও ডালপালা কেটে রামেক হাসপাতাল থেকে পাখি তাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা প্রতিবাদ করেছিলাম। আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে এ ধরনের উদ্যোগ আর নেওয়া হবে না। কিন্তু আবার ব্যাপকভাবে পাখি হত্যা করা হয়েছে। এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিচার চাই। বিচার না হলে লাগাতার আন্দোলন চলবে।’

অন্য বক্তারা বলেন, একটি বসতি উচ্ছেদের জন্যও দু-এক সপ্তাহ সময় দেওয়া হয়। পাখিগুলোকে সে সময়ও দেওয়া হয়নি। আর দুই সপ্তাহ হলেই ছানাগুলো উড়তে শিখত। তখন পাখিগুলোর করুণ মৃত্যু হতো না। এই ন্যক্কারজনক ঘটনায় যাঁরা জড়িত, সবার বিচার করতে হবে। তাঁরা আরও বলেন, একটু অক্সিজেনের কত মূল্য, করোনাকালে তা বোঝা গেছে। সেই অক্সিজেনের ভান্ডার গাছ নির্বিচার কাটা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। বৃক্ষ নিধন করে কোনো উন্নয়ন তাঁরা চান না।

সেভ দ্য নেচারের চেয়ারম্যান মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের জেলার সাধারণ সম্পাদক হোসেন আলী, জীববৈচিত্র্য সংরক্ষণ জোটের আহ্বায়ক চিকিৎসক মাহফুজুর রহমান, আইর সভাপতি গোলাম নবী, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, গ্রিন ভয়েসের আহ্বায়ক আবদুর রহিম, ক্ষেতলাল পাখি কলোনির সভাপতি মহাসিনা বেগম, নারীনেত্রী সেলিনা বেগম, জনসেবায় ভয়েস অব ইয়ুথের আহ্বায়ক মাহফুজুর রহমান, ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন প্রমুখ।

এদিকে রামেক হাসপাতালে পাখির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হওয়ার পর রোববার বিভাগীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা গাছ না কাটা ও পাখিগুলোর আবাসস্থলের ক্ষতি না করার জন্য রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন। এ ছাড়া বিষয়টি লিখিত আকারে মন্ত্রণালয়কেও জানিয়েছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, পাখিগুলোর প্রতি তিনি যথেষ্ট সহানুভূতিশীল। পাখির বাসা আছে, এমন একটি গাছও কাটার কথা নয়। ড্রেনের কাজ করার সময় কীভাবে যেন অর্জুনগাছের শিকড় কাটা যায়। এ জন্য গাছটি পড়ে গেছে, পাখির প্রাণহানি হয়েছে। গাছটি তিনি সরাতে দেননি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি করে তিনি ব্যবস্থা নেবেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।