রাজশাহীতে ছাপাখানা-প্রকাশনায় ব্যয় বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাপাখানায় কাজ করছেন শ্রমিকেরা। সম্প্রতি রাজশাহী নগরের ষষ্ঠীতলা এলাকায় তোলা
ছবি: প্রথম আলো

যে সাদা কাগজের দাম সপ্তাহ দুই আগে ছিল ১ হাজার ৪৫০ টাকা রিম, তা বেড়ে হয়েছে ১ হাজার ৬৫০ টাকা। আর যে ৩০০ গ্রাম কাভার বোর্ড গ্লোসি পেপারের প্রতি শিটের দাম ছিল ১৮ টাকা, দুই সপ্তাহের ব্যবধানে তা বেড়ে হয়েছে ২৩ টাকা। তিন মাস আগে দাম আরও কম ছিল। তখন একই ধরনের গ্লোসি বোর্ড শিট বিক্রি হতো ১২ থেকে ১৫ টাকায়। কাগজ ছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকার মধ্যে। একই সঙ্গে ছাপার খরচও বেড়েছে।

ছাপাখানা ও প্রকাশনাশিল্পে নিয়োজিত ব্যক্তিরা বলছেন, বছরের শুরু থেকেই প্রকাশনাসংক্রান্ত বিভিন্ন উপাদানের দাম বাড়ছে। এতে এ শিল্পসংশ্লিষ্ট মানুষেরা বিপাকে পড়েছেন। তাঁরা বলছেন, কোনো কিছু ছাপার আগে প্লেট করতে হয়, সেই প্লেটের দাম বেড়েছে। গত ৬ মাসে কালির দাম প্রায় দ্বিগুণ হওয়ায় প্রতি ফর্মার খরচ বেড়েছে ১০০ টাকা। আগে প্রতি ফর্মা ছাপা হতো ৩০০ টাকায়। এখন লাগছে ৪০০ টাকা।

মাঝেমধ্যে মনে হয়, ব্যবসা ছেড়েই দিই। যে ৩০০ গ্রামের গ্লোসি বোর্ড শিট বিক্রি হতো ১ হাজার ২০০ থেকে দেড় হাজার টাকায়, এখন তা হয়ে গেছে ২ হাজার ৩০০ টাকা। সময়ের ব্যবধান মাত্র তিন-চার মাস।
কাগজ ব্যবসায়ী ওয়াসিম

রাজশাহীর ষষ্ঠীতলায় এম কে গ্রাফিকস অ্যান্ড প্রিন্টিংয়ের মালিক খুরশিদ আল মাহমুদ। তিনি একই সঙ্গে বইয়ের পৃষ্ঠাসজ্জার কাজও করেন। তিনি প্রথম আলোকে বলেন, সবাই শুধু খাওয়ার জিনিসের দাম বাড়ছে বলে হল্লা করছেন। প্রকাশনা খাতে যে প্রতিনিয়ত দাম বাড়ছে, তা নিয়ে কোনো কথা নেই। তাঁদের প্রতিনিয়ত ভোক্তাদের সঙ্গে বাদানুবাদ করতে হয়।

কাগজ ব্যবসায়ী ওয়াসিম বলেন, ‘মাঝেমধ্যে মনে হয়, ব্যবসা ছেড়েই দিই। যে ৩০০ গ্রামের গ্লোসি বোর্ড শিট বিক্রি হতো ১ হাজার ২০০ থেকে দেড় হাজার টাকায়, এখন তা হয়ে গেছে ২ হাজার ৩০০ টাকা। সময়ের ব্যবধান তিন-চার মাস। এ কারণে অনেক সময় ক্রেতারা মনে করেন, ব্যবসায়ীরা অতিরিক্ত দাম রাখছেন।’

বর্ণমালা পেপার হাউসের মালিক শফিকুল ইসলাম ছাপার কালি বিক্রি করেন। তিনি বলেন, কালির দাম যত বেড়েছে, তার চেয়ে আরও বাড়তে পারে বলে তাঁরা জানতে পেরেছেন।

বই বাঁধাইয়েও খরচ বেড়েছে। বাঁধাইকারীরা বলছেন, সবকিছুর দাম বেড়েছে। এ জন্য বাঁধাইয়ে দাম বাড়ানো হয়েছে। বাঁধাইকারী মো. আউলিয়া প্রথম আলোকে বলেন, দিন দিন এ পেশায় লোকজন কমছে। যাঁরা আছেন, তাঁদের এখন বেশি পারিশ্রমিক দিতে হচ্ছে।

রাজশাহীর প্রকাশনা প্রতিষ্ঠান ম্যাজিক লণ্ঠন প্রকাশন ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ টাকার মধ্যে পাঠককে বই সরবরাহ করে। অল্প লাভে বই সরবরাহ কিছুটা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য সোহাগ আবদুল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, পাঠককে কম দামে বই দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু এ খাতে ক্রমে ব্যয় বাড়ায় সেটি বেশ কঠিন হয়ে যাচ্ছে। তিনি এ খাতে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান।

‘পতত্রি’র প্রকাশক স্মৃতি রুমানা জানান, ৩ মাস আগে তাঁরা ৮ ফর্মার বই করেছিলেন ১৯ হাজার টাকায়। সেই একই কাগজ দিয়ে একই জায়গায় কয়েক দিন আগে তাঁরা সাড়ে ৬ ফর্মার বই করেছেন ১৯ হাজার টাকায়। কাগজ–কালির দাম কমানো ছাড়া প্রকাশকের পক্ষে বইয়ের দাম ঠিক রাখা সম্ভব নয়। আবার বইয়ের দাম সাশ্রয়ী না হলে পাঠক কিনতেও পারবেন না। পাঠকের ক্রয়ক্ষমতা ও উৎপাদন ব্যয়ের মধ্যে সমন্বয় দরকার। এ ক্ষেত্রে কাগজ ও কালির দাম কমালেই ভালো হবে। এতে পাঠকের সঙ্গে বইয়ের সম্পর্ক থাকবে।

রাজশাহী অঞ্চলের কাগজের বড় ডিলার হিসেবে পরিচিত মো. কামরুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, আগে কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো না চাইতেই টনে টনে কাগজ পাঠিয়ে দিত। এখন কাগজের অর্ডার দিয়ে অপেক্ষা করতে হয়। কাগজের দাম এভাবে আগে কখনো বাড়েনি। তিনি মনে করেন, সব জিনিসের দামই বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে কাগজের দাম বেড়ে গেছে। বিদেশ থেকে কাগজ আমদানি করতে হয়। ভাড়াসহ অন্যান্য ব্যয়ও বেড়েছে। তবে এ দামকে অস্বাভাবিক বলছেন তিনি।