রাজশাহীতে জঙ্গি সন্দেহে আটক ১
রাজশাহীতে জঙ্গি সন্দেহে গভীর রাতে আটতলা বাড়ি ঘিরে একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। তাঁর স্ত্রী ও দুই শিশুসন্তানকে ওই বাড়ির মালিকের জিম্মায় রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
তদন্তের স্বার্থে পুলিশ তাঁর নাম-পরিচয় গোপন রেখেছে। রাজশাহী নগরের দড়িখরবোনা এলাকায় স্ত্রী-সন্তানসহ ওই ব্যক্তি ভাড়া থাকতেন। তবে নিয়ম অনুযায়ী রাজশাহী সিটি করপোরেশন এলাকার কোনো বাসায় উঠতে হলে ভাড়াটে তথ্য ফরম পূরণ করতে হয়। তিনি সেই ফরম পূরণ করেননি। চার মাস আগে তিনি ওই বাসায় ওঠেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, আটক করা ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাই এখনই কিছু বলা ঠিক হবে না।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য, গতকাল বুধবার রাত ১১টার দিকে প্রচুর পুলিশ নগরের দড়িখরবোনা এলাকার ভবনটি ঘিরে ফেলে। এরপর ভবনটির অন্য ফ্লোরগুলোর বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শুধু সাততলার একটি ফ্ল্যাটে বিদ্যুৎ স্বাভাবিক রাখে পুলিশ। এরপর সতর্কতার সঙ্গে ওই ভবনে ঢুকে সাততলার ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত দেড়টা পর্যন্ত অভিযান চালানো হয়।
অভিযান শেষে সংবাদকর্মীরা বাড়ির সামনে অবস্থান নিলে পুলিশ ওই ব্যক্তিকে ভবনের পেছন দরজা দিয়ে বের করে একটি কালো গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর সাংবাদিকের সঙ্গে কথা বলেন পুলিশের কর্মকর্তারা। এ সময় রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) এ কে এম নাহিদুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি সন্দেহে একজনকে আটক করা হয়েছে। স্ত্রীসহ তিনি এই ফ্ল্যাটে থাকতেন। তেমন বাইরে বের হতেন না। নিজে আউট সোর্সিংয়ের কাজ করেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। তাঁর ফ্ল্যাট থেকে ১১ লাখ ৯০ হাজার টাকা ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।