রাজশাহীতে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন
প্রতীকী ছবি

রাজশাহীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের দুজন মারা গেছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও পাঁচজন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে রাজশাহী নগরের দাশপুকুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন নগরের দাশপুকুর এলাকার সাজদার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল (৪৫)।

স্থানীয় লোকজন জানিয়েছে, শফিকুল রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, আর জয়নাল রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেনের ভাতিজা। শফিকুল আর তাঁর বড়ভাই আবদুস সালাম একটি পক্ষ। আর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন ও তাঁর ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাতাব আলী আরেক পক্ষ।

এ ঘটনায় আহত লোকজন হলেন দাশপুকুর এলাকার মৃত সাইদুল্যাহর ছেলে মো. মাহাতাব হোসেন (৫০), কাউন্সিলর কামাল হোসেনের স্ত্রী মোসা. সালমা বেগম (৪০), মুনসুর আলীর ছেলে সোহেল (৩২)। তাঁরা কাউন্সিলরের পক্ষের লোকজন। অন্য পক্ষের আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিহত শফিকুলের ভাই মো. সালাম (৪০), একই এলাকার লুৎফর রহমানের ছেলে সোহাগ (৩২)। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এই দুই পক্ষ এলাকায় জমি দখল করে। এ নিয়ে তাঁদের মধ্যে প্রধান বিরোধ ছিল।

রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এই দুই পক্ষ এলাকায় জমি দখল করে। এ নিয়ে তাঁদের মধ্যে প্রধান বিরোধ ছিল। এ ছাড়াও আরও ছোটখাটো বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের নেতা মাহাতাব আলীর ছেলে সেলিম মুর্শেদ ওরফে শাফিন এবং তাঁর চাচাতো ভাই রানা হোসেনকে কয়েক দিন আগে পিস্তল নাড়াচাড়ার ভিডিওর সূত্র ধরে পুলিশ গ্রেপ্তার করে। এই ভিডিও চিত্র নিয়েও একটি পক্ষ অপর পক্ষকে কথা শুনিয়ে আসছিল।

বিরোধের সূত্র ধরে দুপুরে একে অপরের সঙ্গে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের পরে হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে নেওয়ার পর শফিকুল ও জয়নাল মারা যান। আহত একজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করেছে পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত বাকিদের বিষয়ে খোঁজখবর নিয়ে গ্রেপ্তার করা হবে। দুই পক্ষের মামলাই নেওয়া হবে।