রাজশাহীতে ট্রাকচাপায় একজন নিহত
রাজশাহীতে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী নগরের শিরোইল এলাকায় পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মাহবুব আলম (৪৫)। তাঁব বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার বাগরুল গ্রামে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
পুলিশ জানিয়েছে, মাহবুব সাইকেলে করে রেলগেট থেকে শিরোইল কলোনির দিকে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাক সার নিতে যাচ্ছিল শিরোইল এলাকায়। তখন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরের সামনে পেছন থেকে ট্রাকটি মাহবুবকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে চন্দ্রিমা থানা-পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনির বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে আইনগত প্রক্রিয়া শুরু হবে।