রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এনজিও কর্মকর্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রাজশাহী মহানগরের ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৫)। তিনি বেসরকারি সংস্থা আশার রাজশাহীর উপশহর শাখার ব্যবস্থাপক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার তালতলী গ্রামে। তিনি রাজশাহী শহরের সুফিয়ানের মোড় এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। ইফতারের আগে ফারুক হোসেন মোটরসাইকেল নিয়ে লেভেল ক্রসিংটি পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।