রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক ব্যক্তির ৫ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর একটি আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম তৌফিক সিদ্দিক ওরফে তড়িৎ তরফদার (৪৯)। তিনি নওগাঁর সদর উপজেলার চকদেব ডাক্তারপাড়া গ্রামের মৃত আবদুর রহমান তরফদারের ছেলে। ২০১৯ সালের ৭ আগস্ট একই গ্রামের এক নারী (৫৫) তাঁর বিরুদ্ধে নওগাঁ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে তৌফিকের বিরুদ্ধে ওই মামলা করা হয়। মামলার বিচার চলাকালে আদালতে পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। এতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ জন্য আসামির উপস্থিতিতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর ২৩ ধারায় আদালত আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে আসামিকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

ইসমত আরা বেগম জানান, একটি সাজা কার্যকর হলে অন্যটি কার্যকর হবে। আর ভুক্তভোগী জরিমানার অর্থ পাবেন। এ রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।