রাজশাহীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতেন তিনি
রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে চাঁদা দাবি করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে নগরের সাহেব বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে আটক করা হয়। এরপর আজ সোমবার সকালে একটি চাঁদাবাজি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবু (৩৮)। তিনি নগরের বড়কুঠি এলাকার নবাবজান শেখের ছেলে। বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে আগের পাঁচটি মামলা রয়েছে নগরের বিভিন্ন থানায়।
আজ দুপুরে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা জানিয়েছে, বাবুসহ কয়েকজন প্রতি সপ্তাহে রাজশাহী নগরের কয়েকটি আবাসিক হোটেল থেকে ডিবি পরিচয়ে চাঁদা আদায় করে আসছিলেন। নিয়মিত চাঁদা না দিলে মারপিট, খুন–জখম এবং ডিবির মাধ্যমে আটক করে মামলা দেওয়ার ভয় দেখিয়ে আসছেন তাঁরা। বাবুকে হোটেলমালিকেরা প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা করে চাঁদা দেন। তবে বাবুর আসল পরিচয় বুঝতে পেরে হোটেলমালিকেরা ডিবি পুলিশকে অবহিত করেন। গোয়েন্দা পুলিশ বাবুর গতিবিধি ও চাঁদাবাজির বিষয়ে তথ্য–প্রমাণ সংগ্রহে সোর্স নিয়োগ করে। পরে গতকাল রাত ১০টার দিকে নগরের সাহেব বাজার এলাকার সুরমা আবাসিক হোটেল থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই সময় ৫০০ টাকা চাঁদা নিচ্ছিলেন।
ডিবি আরও জানিয়েছে, আটকের পর বাবু পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের নাম ব্যবহার করে বিভিন্ন আবাসিক হোটেল ছাড়াও সাহেব বাজারের কাঁচাবাজার, জুতাপট্টি, মণিচত্বর, জিরো পয়েন্ট ও পদ্মা গার্ডেন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই করে আসছেন।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, বাবুর বিরুদ্ধে আজ সকালে নগরের বোয়ালিয়া মডেল থানায় সুরমা আবাসিক হোটেলমালিক মো. আফজাল হোসেন একটি চাঁদাবাজি মামলা করেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বিকেলে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হতে পারে।