রাজশাহীতে তরুণকে কুপিয়ে ও পিটিয়ে হত্যায় ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় এক কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামা নাজমুল হোসেনকে (২৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর ১৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত নাজমুল হোসেনের (২৮) বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর পূর্বপাড়া গ্রামে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের মিন্টু আলী (৩৫), মো. রানা (২১), মো. পানা (২৫), আরিফ হোসেন (২৫), শরিফ হোসেন (২২) এবং নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের আরজেদ আলী ওরফে ভোলা (৪৭)। আদালত তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানাও করেছেন। জরিমানার অর্থ না দিলে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এন্তাজুল হক বলেন, এ মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন ২৩ জন। পুলিশ তদন্তে করে আরও চারজনকে শনাক্ত করে। পরে ২৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রধান আসামিসহ চারজন অপ্রাপ্ত বয়স্ক। তাই তাদের বিচার চলছে শিশু আদালতে। অন্য ২৩ জনের বিচার শেষ হলো রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হত্যা মামলার প্রধান আসামি একজন কিশোর। সে স্থানীয় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করত। ২০২০ সালের ১৪ জানুয়ারি সে তার বন্ধুদের নিয়ে ওই ছাত্রীর পথ আটকে আবার প্রেমের প্রস্তাব দেয়। ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। তখন ছাত্রীর নানা কিশোরের মা–বাবার কাছে বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে কিশোর। ওই দিন বিকেলে পার্শ্ববর্তী বাঘা উপজেলার সুলতানপুর মোড়ে নাজমুল হোসেন ও তারিকুল ইসলামকে পেয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ওই কিশোরসহ অন্য আসামিরা। পরে নাজমুলকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ নিয়ে বাঘা থানায় হত্যা মামলা করেন নিহত ব্যক্তির বাবা আজিজুর রহমান।

এন্তাজুল হক বলেন, রায় ঘোষণার সময় ২৩ জন আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত ছয়জনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। নিহত নাজমুলের চাচা আবু তালেব বলেন, প্রকাশ্যে নাজমুলকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন আসামিরা। কিন্তু রায়ে অনেকেই বেকসুর খালাস পেয়েছেন। তাঁরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।