রাজশাহীতে দুই পুলিশসহ ২০ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী জেলায় নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এঁদের মধ্যে দুই পুলিশ সদস্যসহ ১১ জনই রাজশাহী সিটি করপোরেশনের। বাকি ৯ জন রাজশাহীর বিভিন্ন উপজেলার। গতকাল বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়। আজ বৃহস্পতিবার রাজশাহী সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, বুধবার নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার ২০ জনের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের রয়েছেন ১১ জন। আর নতুন করে জেলায় শনাক্ত হওয়া নয়জনের মধ্যে পবা উপজেলার তিনজন, মোহনপুরের তিনজন, দুর্গাপুর, বাগমারা ও পুঠিয়ায় একজন করে আছেন।

সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন শনাক্ত হওয়ায় জেলায় মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬। আর রাজশাহী সিটি করপোরেশনে এ সংখ্যা দাঁড়িয়েছে ৬৯। এ পর্যন্ত নগর ও জেলায় মারা গেছেন তিনজন; বিপরীতে সুস্থ হয়েছে ৫২ জন।