রাজশাহীতে দুই সরকারি কৌঁসুলির কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল সোমবার সকালে আদালতের সরকারি কৌঁসুলির (পিপি ও জিপি) কার্যালয়ে তালা দিয়েছেন ক্ষমতাসীন দলের সমর্থক ক্ষুব্ধ আইনজীবীরা। তাঁদের অভিযোগ, পিপি ও জিপি টাকার বিনিময়ে রাজনৈতিক মামলা হিসেবে জামায়াত-শিবির ও বিএনপির নেতাদের মামলা প্রত্যাহার করার সুপারিশ করেছেন। তালা দেওয়ার পর তাঁদের অপসারণের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন আইনজীবীরা।
তবে পিপি ও জিপি দুজনেই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
পরে বিকেলের দিকে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশে বিক্ষুব্ধ ব্যক্তিরা তালা খুলে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতৃত্বে সরকার সমর্থক ক্ষুব্ধ আইনজীবীরা আদালতের পিপি ইব্রাহিম হোসেন ও জিপি রবিউল হকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এরপর তাঁরা সেপ্টেম্বরের মধ্যে পিপি ও জিপির অপসারণের জন্য সময়সীমা বেঁধে দেন। দুজনের অপসারণের দাবিতে আগামী বুধবার আদালতে চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণাও দেওয়া হয়।
জানতে চাইলে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, ‘এই পিপি-জিপি আওয়ামী লীগের গত মেয়াদে টাকার বিনিময়ে অনেক অনৈতিক কাজ করেছে। জামায়াত-বিএনপির মামলা রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যাহারের সুপারিশ করেছে।’
পিপি ও জিপি চলতি মেয়াদেও বহাল থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তা অনুমোদনের চেষ্টা করছেন বলে জানান আবদুল ওহাব। ৯ সেপ্টেম্বর পিপি ও জিপির ‘অপকর্মের খতিয়ান’ হাজির করা হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে পিপি ইব্রাহিম হোসেন বলেন, ‘কোনো অপকর্মের ব্যাপার নয়, এই মেয়াদে কে পিপি-জিপি হতে পারবেন, কে পারবেন না সেই ধন্দে পড়ে তাঁরা কার্যালয়ে তালা দিয়েছেন।’
আর জিপি রবিউল হক বলেন, ‘আমি দেওয়ানি মামলা পরিচালনা করি। জামায়াত বা বিএনপির মামলা প্রত্যাহারের কোনো সুযোগ আমার নেই। আর আমি দায়িত্ব নেওয়ার পর সরকার আগের চেয়ে বেশি মামলায় জিতেছে।’