রাজশাহীতে দেয়াল ধসে নির্মাণশ্রমিক নিহত, নিখোঁজ আরও ১
রাজশাহী নগরের ছোটবনগ্রাম বিমানচত্বর এলাকায় নির্মাণাধীন ভবনের পাশের একটি দেয়াল ধসে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার ব্যক্তি আহত ও একজন নিখোঁজ আছেন। আজ শনিবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শ্রমিকের নাম মো. রিয়াজুল (৩৫)। তিনি গোদাগাড়ী উপজেলার মাহতাবের ছেলে। আহত ব্যক্তিরা হলেন মনজুর (৩৫), এনামুল (৩৫), কাজেন (২৭) ও ফিলিপ (৪০)।
নির্মাণশ্রমিকেরা ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন। এ সময় পাশে থাকা নড়বড়ে একটি দেয়াল ধসে পড়ে। ৭-৮ জন ওই দেয়ালের নিচে চাপা পড়েন।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, নির্মাণশ্রমিকেরা ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন। এ সময় পাশে থাকা নড়বড়ে একটি দেয়াল ধসে পড়ে। ৭-৮ জন ওই দেয়ালের নিচে চাপা পড়েন। এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁকে উদ্ধারে কাজ চলছে।
রামেক হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছেন। বাকি চারজনকে হাসপাতালের ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।